Friday, August 7, 2026

ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার


প্রতীকী ছবিঃ : ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। জয়পুরহাট

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন বাবা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানের জীবন রক্ষার সেই মরিয়া চেষ্টাই কেড়ে নিল তার নিজের প্রাণ। বিদ্যুতায়িত ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ১১ বছর বয়সী ছেলে রাসেল, যিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ি পুকুরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা এবং জপো উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পুকুরের পানি সেচে কমানোর জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে একটি বরেন্দ্র পাম্প চালু করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চালানোর পর শুক্রবার সকালে বিদ্যুতের সংযোগ খুলে আনতে পুকুরে নামে তার ছেলে রাসেল।

পুকুরে নামার কিছুক্ষণ পরই রাসেল হঠাৎ চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। ছেলের আর্তনাদ শুনে কোনো কিছু না ভেবেই পুকুরে ঝাঁপ দেন জামাল উদ্দিন। কিন্তু পানির নিচে থাকা বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন বাবা-ছেলে দুজনই। এতে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনার্থ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গ্রামবাসীর ভাষ্য, সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিতে এক মুহূর্তও দ্বিধা করেননি জামাল উদ্দিন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সাহসিকতার পরিণতি হয়েছে মর্মান্তিক। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে এবং খোলা বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্কতার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এনে দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন