Tuesday, June 9, 2026

ব্যবসা সহজ করতে আসছে বড় সংস্কার, লাইসেন্স মিলতে পারে মাত্র সাত দিনেই


প্রতীকী ছবিঃ জাতীয় বাজেট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারে আগামী অর্থবছরের বাজেটে একগুচ্ছ সংস্কারমূলক উদ্যোগ ঘোষণা করতে যাচ্ছে সরকার। ব্যবসা পরিচালনার খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা এবং প্রশাসনিক জটিলতা হ্রাসের লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পাওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন অনুমতি পেতে পারেন। ফলে দীর্ঘসূত্রতা কমে আসবে এবং উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করার সুযোগ পাবেন।

সরকারি সূত্র বলছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে আবেদনকারী প্রতিষ্ঠানকে অনুমোদিত হিসেবে বিবেচনা করার বিষয়টিও নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারে। এতে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কমবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া প্রতিবছর বিভিন্ন লাইসেন্স ও অনুমতি নবায়নের বাধ্যবাধকতা শিথিল করার পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত সংস্কারে বিভিন্ন লাইসেন্স ও পারমিটের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যা ব্যবসায়ীদের সময় ও ব্যয় উভয়ই কমাবে।

বাজেটে ‘ডিরেগুলেশনের মাধ্যমে ব্যবসা সহজীকরণ’ বিষয়ে একটি পৃথক অধ্যায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুমোদন প্রক্রিয়া সরলীকরণ, অপ্রয়োজনীয় কাগজপত্র কমানো এবং সরকারি সেবার ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হবে।

কর প্রশাসন আধুনিকায়নের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম আরও বেশি ডিজিটাল করার উদ্যোগও নেওয়া হচ্ছে। এর আওতায় অনলাইনে করপোরেট ট্যাক্স রিটার্ন দাখিল, বছরজুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ এবং সময়মতো রিটার্ন জমাকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করদাতাদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালু করা হতে পারে, যার মাধ্যমে রিটার্ন দাখিল, কর সংক্রান্ত তথ্য গ্রহণ এবং বিভিন্ন সেবা পাওয়া সহজ হবে। একইসঙ্গে কর ফেরতের অর্থ সরাসরি ব্যাংক হিসাবে জমা দেওয়ার ব্যবস্থাও চালুর চিন্তাভাবনা চলছে।

কর-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য আপিল ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগও বাজেটে থাকতে পারে। এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কর বিরোধ নিষ্পত্তির পথ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত এসব সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিনিয়োগ পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি ব্যবসা পরিচালনায় সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন