Tuesday, June 9, 2026

১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি, গেজেট জারির অপেক্ষায় সরকার


প্রতীকী ছবিঃ নবম জাতীয় পে-স্কেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে নতুন বেতন কাঠামো সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং আগামী ১ জুলাই থেকে তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন অর্থবছরের শুরু থেকেই পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে চলতি জুন মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, নতুন পে-স্কেল কার্যকর করতে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে। তবে কমিশনের সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সরকার ধাপে ধাপে এটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত বেতন কাঠামোতে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া নতুন পে-স্কেলের আওতায় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রায় ৯ লাখ পেনশনভোগী এ সুবিধার আওতায় আসতে পারেন। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য উল্লেখযোগ্য হারে পেনশন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আর্থিক চাপ সামাল দিতে নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে আগামী জুলাই থেকে মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি কার্যকর হতে পারে। পরবর্তী দুই বছরে বাকি অংশ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।

তবে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন পে-স্কেল পূর্ণাঙ্গভাবে এবং এককালীন বাস্তবায়ন করা প্রয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন