Tuesday, May 12, 2026

ব্যবহারকারীদের তথ্য গোপনে সংগ্রহের অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা


প্রতীকী ছবিঃ নেটফ্লিক্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স–এর বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ এবং শিশুদের অতিরিক্ত স্ক্রিনে আসক্ত করে তোলার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য।

সোমবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন অভিযোগ করেন, নেটফ্লিক্স দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত পছন্দ সংক্রান্ত তথ্য তাদের অনুমতি ছাড়াই সংগ্রহ করেছে। পরে সেই তথ্য বিজ্ঞাপন ও ডাটা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়েছে বলে দাবি করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে নেটফ্লিক্স বিভিন্ন কৌশল ব্যবহার করেছে। এর মধ্যে একটি হলো অটোপ্লে ফিচার, যেখানে একটি অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি অনুষ্ঠান চালু হয়ে যায়। টেক্সাস কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের নকশা শিশু ও পরিবারের সদস্যদের স্ক্রিনের প্রতি আরও নির্ভরশীল করে তোলে।

অভিযোগে বলা হয়, নেটফ্লিক্স অতীতে দাবি করেছিল যে তারা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ বা শেয়ার করে না। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে।

অন্যদিকে নেটফ্লিক্স অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, মামলার অভিযোগগুলো বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা আদালতেই এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে।

মামলায় টেক্সাস অঙ্গরাজ্য দাবি করেছে, অবৈধভাবে সংগৃহীত তথ্য মুছে ফেলতে হবে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়া লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের জন্য সেই তথ্য ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া প্রতিটি অভিযোগের জন্য আর্থিক জরিমানার দাবিও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অনেক প্রতিষ্ঠানই ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি চাপে পড়ছে। নেটফ্লিক্সের বিরুদ্ধে এই মামলা সেই বিতর্ককে আরও জোরালো করে তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন