- ১২ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপেল–এর আইফোন এবং গুগল –এর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (E2EE) মেসেজ আদান-প্রদানের সুবিধা চালু হতে যাচ্ছে। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে বা বেটা সংস্করণে এই সুবিধা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
নতুন এই প্রযুক্তির ফলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পাঠানো বার্তা এখন আরও নিরাপদ থাকবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় বার্তা পাঠানোর সময় তা বিশেষভাবে সুরক্ষিত থাকে, ফলে তৃতীয় পক্ষের কেউ সহজে সেই বার্তা পড়তে বা নজরদারি করতে পারে না।
এতদিন iMessage–এ আইফোন ব্যবহারকারীদের মধ্যে এনক্রিপ্টেড মেসেজিং সুবিধা থাকলেও অ্যান্ড্রয়েডের সঙ্গে সেই সুবিধা কার্যকর ছিল না। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ২০২১ সাল থেকেই এনক্রিপ্টেড যোগাযোগের সুবিধা পেয়ে আসছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে বহুদিনের আইফোন-অ্যান্ড্রয়েড বার্তা আদান-প্রদানের সমস্যার অনেকটাই সমাধান হবে। আগে দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের মধ্যে ছবি, ভিডিও বা গ্রুপ চ্যাটে নানা জটিলতা দেখা দিত। এছাড়া ‘গ্রিন বাবল’ ও ‘ব্লু বাবল’ বিভাজন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন আলোচনা ছিল।
সমৃদ্ধ যোগাযোগ পরিষেবা বা আরসিএস প্রযুক্তি মূলত পুরোনো এসএমএস ব্যবস্থার আধুনিক সংস্করণ। এতে টাইপিং ইন্ডিকেটর, রিড রিসিপ্ট, ইমোজি রিঅ্যাকশন এবং বড় আকারের মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা রয়েছে। তবে অ্যাপল দীর্ঘদিন এই প্রযুক্তি সমর্থন না করায় দুই প্ল্যাটফর্মের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা চালু হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন এনক্রিপশন সুবিধা চালু হলে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় বড় অগ্রগতি হবে। ব্যবহারকারীরা যদি এনক্রিপ্টেড চ্যাটে যুক্ত থাকেন, তাহলে কথোপকথনের পাশে একটি তালা চিহ্ন দেখা যাবে, যা নিরাপদ যোগাযোগের নির্দেশনা দেবে।
বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে চালু হচ্ছে। তাই সব ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে এই ফিচার ব্যবহার করতে নাও পারেন।