Tuesday, April 28, 2026

বরিশালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে


ছবিঃ হাম-সদৃশ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম-সদৃশ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ জানান, নতুন করে আরও ৫৫ জন শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।

মৃত দুই শিশু হলো—বানারীপাড়া উপজেলার চার মাস বয়সী হুজাইফা এবং বরগুনার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আব্দুল্লাহ। তারা দুজনই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগজুড়ে গত কয়েক দিনে হাম ও রুবেলা উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম রোগের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, টিকার কোনো সংকট নেই এবং নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

তবে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন