- ২৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—জাহিদ হাসান, আবির, সজীব, আহাদ ও পাপ্পু (সকলের বয়স প্রায় ১৬ বছর)। তারা উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। তাদের সবার বাড়ি গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুইজন শিক্ষককে ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ জানান, আহত অবস্থাতেই দুই পরীক্ষার্থী নির্ধারিত সময়ের কিছু আগে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ব্যস্ত এই মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।