- ১৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বরিশাল
গণভোটের রায়ের বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে বরিশাল বিভাগের জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশাল নগরের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সমাবেশে গণভোটের রায়ের বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিগুলো তুলে ধরা হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
এ ছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের আশা, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরতে এ সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ হবে।