Tuesday, March 10, 2026

ব্রাজিল দলে ফেরার দ্বারপ্রান্তে নেইমার, আনচেলত্তির শর্ত পূরণই এখন চ্যালেঞ্জ


ফাইল ছবিঃ ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রের সামনে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন তিনি। তবে চূড়ান্ত স্কোয়াডে থাকতে হলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই তারকাকে।

আগামী সোমবার (১৬ মার্চ) ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সেই দলে জায়গা পেলে ফ্রান্সের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে মাঠে নামার সুযোগ পেতে পারেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আবারও খেলছেন নেইমার। সেখানে তার পারফরম্যান্স নজরে এসেছে কোচ আনচেলত্তির। তাই তার বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স সরাসরি দেখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।

বুধবার সান্তোস ও মিরাসোলের মধ্যকার ম্যাচটি গ্যালারিতে বসে পর্যবেক্ষণ করবেন আনচেলত্তি। এই ম্যাচে নেইমারের পারফরম্যান্সই মূলত নির্ধারণ করবে তিনি জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন কি না।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নেইমার। এসব ম্যাচে তিনি ৭৯টি গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ব্রাজিল দল। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি।

ব্রাজিল ফুটবল সমর্থকরাও দীর্ঘদিন পর প্রিয় তারকাকে আবারও হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছেন। তবে কোচ আনচেলত্তি জানিয়েছেন, দলের ভারসাম্য রক্ষায় কোনো ঝুঁকি নেওয়া হবে না। তাই জাতীয় দলে ফেরার জন্য নেইমারকে এখন নিজের ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা অর্জন করতে হবে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন