Saturday, August 15, 2026

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা


ছবিঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ছবি প্রকাশ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পোস্টে মাশরাফি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই ঘটনায় তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালও নিহত হন।

সেদিন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়।

একই রাতে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বাসভবনেও হামলা চালানো হয়। সেখানে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন।

এ ছাড়া তৎকালীন মন্ত্রিসভার সদস্য আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনেও হামলা হয়। ওই ঘটনায় তার মেয়ে বেবি সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং পরিবারের আরেক সদস্য আবদুল নঈম খান নিহত হন।

তবে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। দিনটিতে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। বর্তমানে সেই সিদ্ধান্ত বহাল রয়েছে।

এর মধ্যেই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফি বিন মর্তুজার সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন