- ১৫ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর পর এবার ভিন্ন ধরনের গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন নির্মাতা রায়হান রাফী। তার নতুন সিনেমা ‘আন্ধার’-এ সিয়াম আহমেদকে দেখা যাবে গোয়েন্দা দেলোয়ার চরিত্রে। প্রচলিত নায়কোচিত চরিত্রের বাইরে গিয়ে রহস্যের জট খুলতে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে দেখা যাবে এই চরিত্রকে।
রাফীর ভাষ্য, তার সিনেমার নায়কদের কখনো একই ছাঁচে তৈরি করতে চান না তিনি। প্রতিটি গল্পের সঙ্গে চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করাই তার নির্মাণের অন্যতম লক্ষ্য। ‘আন্ধার’ তাকে প্রথমবারের মতো একটি ক্ল্যাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রায়হান রাফী জানান, ‘আন্ধার’-এর দেলোয়ার প্রচলিত প্রতিশোধপরায়ণ নায়ক নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তার প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তিগত লাভ, স্বার্থ কিংবা প্রতিশোধের জন্য নয়, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতেই সে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে।
এই চরিত্রকে বাংলাদেশের প্রেক্ষাপটে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো এককভাবে অশুভ শক্তির মোকাবিলা করা এক নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানান পরিচালক।
গোয়েন্দা দেলোয়ার চরিত্রে সিয়াম আহমেদকে বেছে নেওয়ার পেছনের গল্পও জানিয়েছেন রাফী। তার দাবি, শুটিং শুরুর আগে চরিত্রটির জন্য একাধিক অভিনেতার কথা মাথায় এসেছিল। তবে কাজ শেষ হওয়ার পর সিয়ামকে ছাড়া এখন আর দেলোয়ার চরিত্রটি কল্পনা করতে পারছেন না তিনি।
সিয়ামের অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, অভিনেতা নিজের সর্বোচ্চটা দিয়ে চরিত্রটিকে পর্দায় জীবন্ত করেছেন। শুটিং শেষে তার মনে হয়েছে, দেলোয়ার চরিত্রটির সঙ্গে সিয়াম এতটাই মিশে গেছেন যে চরিত্রটি যেন তার জন্যই তৈরি।
‘আন্ধার’-এ দেলোয়ার শুধু রহস্যের সমাধান করবে না, বরং নিজেও নানা বিপদের মধ্যে পড়বে। সেই সঙ্গে একটি রহস্যের জট খুলতে গিয়ে নতুন রহস্যের জন্ম দেবে চরিত্রটি। ফলে সিনেমাটিতে গোয়েন্দা গল্পের পাশাপাশি নায়ককে ঘিরেও তৈরি হবে নানা প্রশ্ন।
সিয়াম আহমেদ ছাড়াও ‘আন্ধার’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নাজিফা তুষি, গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতীসহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ‘আন্ধার’ মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
নতুন চরিত্রে সিয়ামের উপস্থিতি এবং রাফীর ভিন্নধর্মী নির্মাণের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন পর্দায় গোয়েন্দা দেলোয়ার কতটা সাড়া ফেলতে পারে, সেটিই দেখার অপেক্ষা।