Sunday, August 2, 2026

বন্ধ জুটমিল ও টেক্সটাইল কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম


ফাইল ছবিঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধ হয়ে থাকা পাটকল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে সংশ্লিষ্ট খাতগুলোতে নতুন গতি আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে বন্ধ হয়ে যাওয়া জুটমিল, শিল্পপ্রতিষ্ঠান ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, “শুধু টাঙ্গাইল নয়, দেশের বিভিন্ন এলাকায় বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি, এসব শিল্প আবারও প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের প্রসঙ্গ তুলে ধরে শরীফুল আলম বলেন, একসময় দেশ-বিদেশে ব্যাপক পরিচিত টাঙ্গাইলের তাঁতের শাড়ির ঐতিহ্য এখন নানা সংকটে পড়েছে। একইভাবে পাট ও রেশমশিল্পও ধীরে ধীরে তাদের আগের অবস্থান হারাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব ঐতিহ্যবাহী শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব ছিল। হারিয়ে যেতে বসা শিল্পগুলোকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এগুলোকে আকর্ষণীয় করে তুলতে প্রধানমন্ত্রীর পরামর্শে সরকার কাজ করছে।

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তাঁতিদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়লেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাবে অনেক তাঁতি নতুন ধরনের পণ্য উৎপাদন ও বাজারে টিকিয়ে রাখতে সমস্যায় পড়ছেন।

তিনি বলেন, “তাঁতিদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁতশিল্পের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন বাজার তৈরির সুযোগও বাড়বে।”

প্রান্তিক তাঁতিদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ধরনের সহায়তা তাঁতিদের উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইলের তাঁতশিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ী, তাঁতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন