Thursday, July 30, 2026

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা নিয়ে মুখ খুললেন ভিনচিচ, মেসির আচরণের প্রশংসা


ছবিঃ মেসির সঙ্গে মাঠে সংক্ষিপ্ত আলাপও হয় তার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল পরিচালনার পর অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসা স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ এবার প্রথমবারের মতো নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। ফাইনাল ম্যাচ পরিচালনার চাপ, রেফারিং নিয়ে সমালোচনা, লিওনেল মেসির সঙ্গে মাঠের সংক্ষিপ্ত কথোপকথন এবং আধুনিক ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির গুরুত্ব সব বিষয়েই নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়ার খবর প্রথমে তাঁকে বিস্মিত করেছিল। পরে সেই বিস্ময় পরিণত হয় গর্বে।

তিনি বলেন, ‘শুরুতে খবরটি আমার কাছে বড় ধাক্কার মতো ছিল। এরপর মনে হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে আমরা স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এটি সত্যিই গর্বের।’

তবে এই গর্বের সঙ্গে দায়িত্বের চাপও ছিল প্রবল। ফিফা রেফারিজ কমিটি ও রেফারিং বিভাগের দায়িত্বশীলদের আস্থার মর্যাদা রাখাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। ভিনচিচের ভাষায়, ফাইনালের মতো বড় ম্যাচে শুধু সিদ্ধান্ত নেওয়াই নয়, পুরো ম্যাচটি সুষ্ঠুভাবে শেষ করাও রেফারিং দলের জন্য বড় চ্যালেঞ্জ।

ফাইনালের আগে সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে দুই দলের খেলোয়াড়দের খেলার ধরন, মাঠে আচরণ এবং সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান তিনি।

ভিনচিচ বলেন, ‘আমরা খেলোয়াড়দের বৈশিষ্ট্য, খেলা থামলে তাদের প্রতিক্রিয়া এবং ম্যাচের সম্ভাব্য নানা পরিস্থিতি বিশ্লেষণ করেছিলাম। তবে কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত হওয়া সম্ভব নয়। কারণ প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা।’

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার মানসিক চাপের কথাও তুলে ধরেন এই অভিজ্ঞ রেফারি। তাঁর মতে, একজন রেফারির দীর্ঘ ক্যারিয়ারের মূল্যায়ন অনেক সময় একটি ম্যাচের ওপর নির্ভর করে যায়। ফলে দায়িত্বটি ছিল অত্যন্ত বড় এবং সংবেদনশীল।

নিজেদের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ভিনচিচ বলেন, ম্যাচ শেষে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক না হওয়াকেই তিনি সাফল্যের অন্যতম প্রমাণ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমরা ম্যাচটি সঠিকভাবেই পরিচালনা করেছি।’

দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করতে করতে তাঁর সহকারী কর্মকর্তারা পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিলেন বলেও জানান ভিনচিচ। ফাইনালের মতো বড় মঞ্চে তাঁদের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তাঁর সংক্ষিপ্ত কথোপকথনের বিষয়টিও উঠে আসে। তবে মাঠে হওয়া সেই আলোচনা প্রকাশ করতে চাননি ভিনচিচ।

তিনি বলেন, ‘সেই কথোপকথন মাঠেই রেখে দিতে চাই। তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছে।’

আধুনিক ফুটবলে ভিএআর প্রযুক্তির প্রয়োজনীয়তার পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন ভিনচিচ। তাঁর মতে, বর্তমান ফুটবলের গতি ও খেলার জটিলতা এতটাই বেড়েছে যে প্রযুক্তির সহায়তা ছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভুলভাবে নেওয়া কঠিন।

তিনি বলেন, ‘ভিডিও দেখে ভুল সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব। এখন খেলার গতি এত দ্রুত যে খালি চোখে সব ঘটনা সঠিকভাবে দেখা যায় না। প্রযুক্তির সহায়তা ছাড়া বর্তমান সময়ে রেফারিং করার কথা আমি কল্পনাও করতে পারি না।’

অবসরের ঘোষণার পর ভিনচিচের এই মন্তব্য বিশ্বকাপ ফাইনাল নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে নিজের রেফারিং সিদ্ধান্তের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান এবং মেসির ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন