- ১৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে স্থায়ী কমিটির সদস্য করা নেতারা হলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, মেধা ও রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে দলকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা রিজভী এর আগে দলের যুগ্ম মহাসচিব ছিলেন। ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়ার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
অমানউল্লাহ আমানও বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার উত্থান ঘটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির আগে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ডা. ফরহাদ হালিম ডোনার পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।
অন্যদিকে, মো. ইসমাইল জবিউল্লাহও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিএনপির স্থায়ী কমিটিতে কয়েকটি পদ শূন্য হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় আরেকটি পদ শূন্য হয়। অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারছেন না। অন্যদিকে মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন।
এমন পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী ফোরামে নতুন চার নেতার অন্তর্ভুক্তিকে সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও কার্যক্রমে গতি আনার পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি।