Sunday, April 19, 2026

বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জাতীয় দল থেকে পদত্যাগ


ছবিঃ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার পরে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একই পরিণতির পর দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সালাউদ্দিনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সূত্রের খবর, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর থেকে তিনি আর দলের সঙ্গে থাকবেন না। সালাউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছিলেন এবং তাঁর সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সালাউদ্দিন বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” তবে তিনি পদত্যাগের বিস্তারিত কারণ প্রকাশ করেননি।

সালাউদ্দিন ডেভিড হেম্পের বিদায়ের পর থেকে জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। তবে সাম্প্রতিক সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও দলের খারাপ পারফরম্যান্স তাঁকে সমালোচনার মুখে ফেলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে নতুন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে। আয়ারল্যান্ড সফরের সূচি অনুযায়ী, তারা ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে। প্রথম টেস্ট সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ চট্টগ্রামে খেলা হবে—২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL