Saturday, May 2, 2026

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে আরও ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে


ফাইল ছবিঃ তেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই চালানের সরবরাহ সম্পন্ন হয়।

ডিপো সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে এ নিয়ে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসেছে। এর আগে মাসের বিভিন্ন সময়ে একাধিক চালানে জ্বালানি তেল সরবরাহ করা হয়।

পার্বতীপুর ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী জানান, দুদেশের চুক্তির আওতায় নিয়মিত আমদানির অংশ হিসেবে ২৮ এপ্রিল ভারতীয় টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। টানা কয়েকদিনের প্রক্রিয়া শেষে ৩০ এপ্রিল মধ্যরাতে ডিপোতে তেল গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা জানান, এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় উভয়ই কমছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করছে।

ডিপো সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। একই ধারাবাহিকতায় মে মাসেও পর্যাপ্ত জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।

সরকারের জ্বালানি নিরাপত্তা জোরদারে এ ধরনের আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন