- ১৫ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইয়াবার কোনো মালিককে শনাক্ত করা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রাম চেকপোস্টসংলগ্ন একটি স্টিলের সেতুর নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে সেতুর নিচে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তা পরীক্ষা করে ইয়াবাগুলো পাওয়া যায়। বস্তা দুটিতে মোট ১০টি কাটে রাখা ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা ছিল।
উদ্ধারের পর মাদকগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।