- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, টিএসসি ও বিভিন্ন অনুষদ এলাকার ড্রেনসহ মশার প্রজননের সম্ভাবনা রয়েছে—এমন পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন স্থানে মশানিধন স্প্রে করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বিস্তারের অনুকূল পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি এম মুজিবর রহমান, সহকারী প্রক্টর প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, শহীদ শামসুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবুল মঞ্জুর খান, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. বদিউজ্জামান খান এবং মাওলানা ভাসানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আশিক ই রব্বানী।
এ ছাড়া সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুল আলমও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু ওষুধ বা মশানিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
ক্যাম্পাসকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।