- ০৭ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি ও আত্মসমালোচনা ছাড়া আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়। তার মতে, কেবল রাজনৈতিক সমীকরণ বা কোনো দলের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা ন্যায়সঙ্গত হবে না।
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার দলের দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পরিবেশ তৈরি হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে দলটির শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে। এসব বিষয়ে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা দায় স্বীকারের ইঙ্গিত দেখা যায়নি বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অতীতের অভিযোগগুলোর যথাযথ মূল্যায়ন এবং জবাবদিহির বিষয়টি নিশ্চিত না করে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার কথা বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে জামায়াত আমির বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করলে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেখানে গঠনমূলক সমালোচনা অব্যাহত থাকবে।
জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে এখনো রাজনৈতিক মতভেদ রয়েছে। তবে জনগণের সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সংসদের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জাতীয় সংসদে অনাকাঙ্ক্ষিত আচরণ, উত্তেজনা এবং অশালীনতার নজির রয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না করে যুক্তি, শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সংসদ পরিচালিত হবে—এমন প্রত্যাশার কথা জানান তিনি।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে এবং ভবিষ্যতেও একই অবস্থান বজায় রাখবে। কোনো ধরনের রাজনৈতিক উসকানিতে দলটি তার অবস্থান পরিবর্তন করবে না বলেও তিনি উল্লেখ করেন।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা এবং বাগেরহাট জেলার সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে অংশ নেন। কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।