Wednesday, August 12, 2026

আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি রাহাত আরা: মির্জা ফখরুল


ফাইল ছবিঃ সহধর্মিণী রাহাত আরা বেগমরে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজনীতির দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তার মধ্যে স্ত্রী রাহাত আরা বেগমের সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা স্মরণ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রীকে নিজের জীবনের ‘সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন ও রাজনৈতিক জীবনে স্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, বিয়ের পর তাঁর জীবনের বড় একটি সময় কেটেছে অনিশ্চয়তার মধ্যে। সেই সময়ে স্ত্রীকে পাশে পাওয়াকে নিজের সৌভাগ্য বলে মনে করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাহাত আরা তাঁর জীবনের সঙ্গী হিসেবে সব প্রতিকূল পরিস্থিতিতে পাশে থেকেছেন। তিনি জানান, বিয়ের পর চাকরি ও কর্মস্থল পরিবর্তনের সময় পেরিয়ে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। এরপর থেকে জীবনের বড় অংশই কেটেছে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে।

মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, তাঁর স্ত্রী দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। চাকরির পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও পরিবারের দায়িত্বও সামলেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে তাঁকে নানা ধরনের কষ্ট করতে হয়েছে।

তিনি জানান, মেয়েরা হলিক্রস স্কুলে পড়ার সময় পরিবারের সদস্যদের গণপরিবহনে চলাচল করতে হয়েছে। স্ত্রীর উপার্জন ও পরিশ্রম পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক জীবনের কঠিন সময়গুলোর স্মৃতিও সাক্ষাৎকারে তুলে ধরেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পরিস্থিতিতে স্ত্রী সাহসের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।

একটি ঘটনার স্মৃতি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁর বাসায় অভিযান চালালে স্ত্রী দীর্ঘ সময় দরজা খোলেননি। পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকেরা সেখানে উপস্থিত হন এবং ভোরের দিকে দরজা খোলা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে নিয়ে যায়।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্ত্রী কখনো তাঁর ওপর বিরক্ত হননি। বরং বিপদের সময় দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে স্ত্রীর এই মানসিক শক্তি, ত্যাগ ও সহযোগিতা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ব্যক্তিগত জীবনের এই স্মৃতিচারণে মির্জা ফখরুলের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ রাজনৈতিক জীবনের আড়ালে থাকা পারিবারিক সংগ্রাম এবং তাঁর স্ত্রীর নীরব ভূমিকার কথাও।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন