Tuesday, May 5, 2026

আইটেম গানে ফিরলেন বিদ্যা সিনহা মিম, কণ্ঠে মিলা ইসলাম


ছবিঃ বিদ্যা সিনহা মিম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ছিল ‘মালিক’ সিনেমার আইটেম গান। শুরুতে গুঞ্জন ছিল, এই গানে নাচবেন কোনো বিদেশি তারকা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আইটেম গানে হাজির হয়েছেন ছবির প্রধান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজেই।

সম্প্রতি ঢাকার এফডিসিতে নির্মিত বিশেষ সেটে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে মিমের সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে ছবির নায়ক আরিফিন শুভ-কে। দীর্ঘ চার বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।

এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন সাপলুডু সিনেমায়। নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, চরিত্রের প্রস্তুতির জন্য মিম টানা দেড় মাস মহড়ায় অংশ নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মার্শাল আর্ট, শরীরী ভাষা এবং অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। একইভাবে নিজের চরিত্রে পরিপূর্ণতা আনতে সময় দিয়েছেন শুভও।

জানা গেছে, ছবিটির আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। যদিও গানটির নাম বা মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান এখনো সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলা এই জুটির নতুন কাজ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন