- ১৫ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে হলে সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে জানিয়ে তিনি বলেছেন, কয়েকটি বিষয়ে এখনো আলোচনা ও সমঝোতার প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বৈঠকে নতুন ঋণ কর্মসূচির সম্ভাবনা এবং এর আওতায় কী ধরনের শর্ত থাকতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, ঋণ সহায়তার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে এবং সেগুলো পূরণ করতে হবে। তবে কয়েকটি বিষয়ে আলোচনার মাধ্যমে দুই পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে।
অর্থমন্ত্রী বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা আশাব্যঞ্জক হলেও এর শর্তাবলি এবং সেগুলো বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে।
বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে বলেও জানান তিনি। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বেশ কিছু সমস্যার সমাধান ইতিমধ্যে হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে।
সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের কোনো উদ্বেগ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বাংলাদেশেরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশ একমত। এরই মধ্যে বেশ কিছু শর্ত পূরণ করা হয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ শুধু আইএমএফের ওপর নির্ভর করবে না। বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ চালিয়ে যাবে সরকার। দেশের অর্থনীতির ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব সংস্থার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
নতুন ঋণ কর্মসূচির শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা চললেও ঠিক কী পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যেতে পারে, সে বিষয়ে বৈঠক শেষে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি অর্থমন্ত্রী।