Thursday, May 7, 2026

আচার চুরির অভিযোগকে কেন্দ্র করে স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে আহত, শিবচরে উত্তেজনা


প্রতীকী ছবিঃ মারামারির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মাদারীপুর

মাদারীপুরের শিবচরে আচার চুরির একটি অভিযোগকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকার রূপসী বাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহম্মেদ (১৬)। তিনি পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অভিযুক্ত শামীম হোসেনও একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকদিন আগে জুবায়েরের এক বন্ধুর স্কুলব্যাগ থেকে আচার চুরি হয়। ওই ঘটনায় শামীমকে সন্দেহ করা হলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় জুবায়ের একা অবস্থায় থাকাকালে শামীম ও তার কয়েকজন সহযোগী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড দিয়ে জুবায়েরের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর মা লাকি বেগম বলেন, সামান্য একটি বিষয় নিয়ে তার ছেলেকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে অভিযুক্ত শামীম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে আগে মারধর করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুঞ্জুল মোর্শেদ জানান, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন