Thursday, July 30, 2026

৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি তারেক রহমান


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ও চেতনাকে বিএনপি পরিপূর্ণভাবে ধারণ করে। এ উপলক্ষে ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাইয়ের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে হামলার অভিযোগ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক এটাই বিএনপির প্রত্যাশা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, এটি গণতান্ত্রিক অধিকার। তবে মত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। নিয়মিত উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে তা গণতন্ত্রের বিকাশ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে না।

রাজনৈতিক মতপার্থক্য ও বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সব পক্ষকে সংযম ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, সমালোচনা ও তর্ক-বিতর্ক থাকতেই পারে। তবে এসব মতবিনিময় যাতে সহিংসতা বা সংঘাতের দিকে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন