- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে অপহরণ, গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি।
সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।
অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগে ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিল বিএনপি। তবে দীর্ঘ সময়েও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় নতুন করে আবারও আবেদন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নতুন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে পুনরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া হয়েছে।