- ০৮ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। আগামী ১১ ও ১২ আগস্ট এলএনজির এই চালান দেশে সরবরাহের কথা রয়েছে।
প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার দরে এলএনজিটি কেনা হবে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তসংক্রান্ত তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এলএনজি কেনার বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউয়ের মূল্য ২১ দশমিক ৫৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
এদিকে একই সভায় দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির আরেকটি প্রস্তাব উত্থাপন করা হলেও সেটি চূড়ান্ত অনুমোদন পায়নি। ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরাসরি ক্রয় পদ্ধতিতে গানভর ইউএসএ এলএলসি-এর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সভায় উপস্থাপন করা হয়।
তবে পরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। ফলে দীর্ঘমেয়াদি ওই এলএনজি ক্রয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
তাৎক্ষণিক চাহিদা পূরণে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্তের পাশাপাশি দীর্ঘমেয়াদি সরবরাহের প্রস্তাবটি প্রত্যাহার হওয়ায় দেশের জ্বালানি আমদানির ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।