- ১০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর বাজারে সবজির দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম সামান্য কমলেও অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। এর সঙ্গে নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ডিমের দামও ডজনপ্রতি ১৫০ টাকা ছাড়িয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাড়তি খরচে চাপে পড়েছেন স্বল্প ও মধ্যম আয়ের মানুষ।
তবে দীর্ঘদিন চড়া থাকার পর কাঁচা মরিচের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে বাজার ও মানভেদে তা ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
শুক্রবার রাজধানীর শান্তিনগর, কারওয়ান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে সবজি, ডিম ও মুরগির দামের এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে অনেক সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে খুচরা বাজারের দামে।
রাজধানীর বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল, পটোল, ঝিঙা ও চিচিঙ্গার দাম কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা।
এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকা এবং জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বৃষ্টির কারণে শাকের বাজারেও বড় ধরনের প্রভাব পড়েছে। অন্যান্য সবজির তুলনায় বিভিন্ন ধরনের শাকের দাম বেশি বেড়েছে। ছোট একটি আঁটি লাল শাকও বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকায়।
তুরাগ এলাকার নতুন বাজারে বাজার করতে আসা ফরহাদ হোসেন বলেন, কয়েক ধরনের সবজি কিনতেই এখন অনেক টাকা চলে যাচ্ছে। বাজারের খরচ সামলাতে গিয়ে প্রয়োজনীয় অনেক পণ্যই কম কিনতে হচ্ছে।
সবজির পাশাপাশি গত এক সপ্তাহে ডিম ও মুরগির দামও বেড়েছে। রাজধানীর বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিম ১৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার খুচরা দোকানে একই ডজন ডিমের দাম উঠেছে ১৬০ টাকা পর্যন্ত।
বিক্রেতাদের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে বাজারে ডিম ও মুরগির সরবরাহ তুলনামূলক কম। পাশাপাশি সবজির দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা বিকল্প হিসেবে ডিম ও মুরগির দিকে ঝুঁকছেন। এতে চাহিদা বাড়ার প্রভাবও পড়েছে দামে।
রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি প্রায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।
সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই মুরগির দাম ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আইনুল হোসেন বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি সবজির দাম বেড়ে যাওয়ায় ডিম ও মুরগির চাহিদা কিছুটা বেড়েছে। দুই দিকের প্রভাবেই দাম বাড়ছে।
অন্যদিকে কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা জানান, আমদানি শুরু হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। ফলে ৪০০ টাকা পর্যন্ত ওঠা কেজিপ্রতি দাম এখন কমে ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নেমেছে।
তবে বাজারের সার্বিক পরিস্থিতিতে এই সামান্য স্বস্তি ক্রেতাদের ভোগান্তি খুব একটা কমাতে পারছে না। সবজি, ডিম ও মুরগির বাড়তি দামের কারণে প্রতিদিনের বাজার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।