- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোটের ফলাফল ঘোষণার ১৩ দিন পর নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা নতুন গেজেটে মোট প্রদত্ত ভোট আগের ঘোষণার তুলনায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কম দেখানো হয়েছে। পাশাপাশি ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে, তবে বাতিল ভোটের সংখ্যা কিছুটা বেড়েছে।
সংশোধিত গেজেটে সই করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এর আগে ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের সংবিধান–সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পাশাপাশি বেসরকারিভাবে গণভোটের ফলও ঘোষণা করা হয়। সেদিন রাতেই প্রাথমিক গেজেট প্রকাশ করা হয়েছিল।
তবে প্রথম ঘোষণায় ইসি সচিব যে সংখ্যা তুলে ধরেছিলেন এবং রাতের গেজেটে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল, তার মধ্যে অসামঞ্জস্য ধরা পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ইসি বেসরকারি ফল সংশোধন করে। এরপর নতুন করে যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি সংশোধিত চূড়ান্ত গেজেট জারি করা হলো।
সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি।
অন্যদিকে, ১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত গেজেটে মোট ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি দেখানো হয়েছিল। বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ এবং বাতিল ভোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। সেখানে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬।
ফলাফলের এ পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন আসন থেকে প্রাপ্ত তথ্য পুনরায় যাচাই–বাছাই করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে সংশোধনের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।