- ২৭ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ১০ আগস্ট। এদিন সারা দেশে একযোগে প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ফল প্রকাশের তারিখ সম্পর্কে অবহিত করা হয়েছে। ফল প্রকাশের দিন সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে।