Sunday, October 11, 2026

যশোরে আলমসাধু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১


প্রতীকী ছবিঃ চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর

যশোর সদর উপজেলায় আলমসাধু (স্যালো মেশিনচালিত ভ্যান) চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন। অন্যদিকে, মারধরের হাত থেকে বাঁচতে বাঁওড়ের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন আল আমিন (৪০) নামে আরেক ব্যক্তি। তাঁকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১১ অক্টোবর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের ভাষ্য অনুযায়ী, নারাঙ্গালী গ্রাম থেকে একটি স্যালোমেশিনচালিত ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি চান্দুটিয়া গ্রামের বাসিন্দাদের জানানো হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে আটকানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে ধরে মারধর করা হয়। এতে মিজানুর রহমান নিহত এবং মনিরুজ্জামান আহত হন। অপর ব্যক্তি আল আমিন প্রাণ বাঁচাতে পাশের বাঁওড়ের পানিতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি (কালিয়াকৈর) গ্রামের বাসিন্দা। আহত মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। নিখোঁজ আল আমিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। তিনি নিহত মিজানুর রহমানের ভায়রা ভাই।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিখোঁজ আল আমিনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় একজনের মৃত্যু, একজনের আহত হওয়া এবং আরেকজন নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন