- ১১ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি তুলেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় তিন দফা দাবি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিনিধি বলেন, সাতটি সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরও ভর্তি বিজ্ঞপ্তিতে পুরোনো কাঠামোর প্রতিফলন দেখা যাচ্ছে। এতে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও প্রশাসনিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে তারা মনে করেন।
শিক্ষার্থীরা প্রথম দাবিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত অংশ সংশোধন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানান।
দ্বিতীয় দাবিতে তারা সাত কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ এবং চলমান সব শিক্ষাবর্ষকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিতের মতো কর্মসূচি বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন তারা।
এছাড়া পাঁচ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অভিন্ন পরিচয়পত্র (আইডি কার্ড) সরবরাহের দাবিও উত্থাপন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করা নয়; বরং একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও অধ্যাদেশসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা ইঙ্গিত দেন।