Sunday, October 11, 2026

ভোলার মনপুরা মসজিদ থেকে ডেকে নিয়ে দুই ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, অভিযুক্ত জামায়াত নেতা


ছবিঃ আহত দুজনের একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ভোলা

ভোলার মনপুরায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে দুই ভাইকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। আহত দুজনের একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অন্যজন একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার মনপুরা ফাজিল মাদ্রাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই হলেন ফজলে রাব্বি ও মো. ফয়সাল হাওলাদার। তাঁরা মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা অহিদুর রহমানের ছেলে।

আহত ফজলে রাব্বি মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা বিষয়ের সহকারী শিক্ষক। তাঁর বড় ভাই ফয়সাল হাওলাদার মনপুরার কাউয়ারটেক কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফজলে রাব্বির অভিযোগ, ফজরের নামাজ শেষে মসজিদে দোয়া পড়ার সময় তাঁর বড় ভাই ফয়সালকে আলাউদ্দিনের ছেলে ফয়সাল ডেকে বাইরে নিয়ে যান। পরে জামায়াতে ইসলামীর নেতা মিজানের নেতৃত্বে চার-পাঁচজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় ফয়সাল হাওলাদারকে মারধর করে রক্তাক্ত করা হয়। ভাইয়ের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে আহত করেন।

আহত স্বাস্থ্যকর্মী ফয়সাল হাওলাদারের অভিযোগ, মনপুরা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানের নেতৃত্বে ফয়সাল, সুমন, রিয়াদসহ আরও কয়েকজন তাঁদের দুই ভাইয়ের ওপর হামলা করেন। এতে তাঁদের দুজনেরই মাথা ফেটে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।

ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, ঘটনাটি নিন্দনীয়। হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন