- ২৭ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
একসময় শুধুই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল টিকটক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের পরিধি এমনভাবে বাড়াচ্ছে যে, এখন আর শুধু সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে একে সংজ্ঞায়িত করা কঠিন। কেনাকাটা, হোটেল বুকিং, স্থানীয় ব্যবসা খোঁজা, গেমস, পেমেন্ট সেবা—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ‘সুপার অ্যাপ’ হয়ে ওঠার পথে দ্রুত এগোচ্ছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
বিশ্লেষকদের মতে, টিকটকের লক্ষ্য এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, যেখানে একজন ব্যবহারকারী ভিডিও দেখা থেকে শুরু করে কেনাকাটা, ভ্রমণ পরিকল্পনা, অর্থ লেনদেন কিংবা বিনোদন—সবকিছুই একটি অ্যাপের মধ্যেই সম্পন্ন করতে পারবেন।
চীনের উইচ্যাটের সফল মডেলকে সামনে রেখে টিকটকও একই ধরনের বহুমুখী সেবা চালুর কৌশল নিয়েছে। যদিও চীনের বাইরে এ ধরনের সুপার অ্যাপ কতটা সফল হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তবু নতুন নতুন ফিচার যোগ করে সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে টিকটক একটি বিশেষ স্পোর্টস হাব চালু করেছে। এখানে ব্যবহারকারীরা ম্যাচের লাইভ স্কোর, সময়সূচি, পয়েন্ট টেবিল, হাইলাইটস এবং খেলোয়াড়দের ভিডিও এক জায়গায় দেখতে পারছেন।
এর পাশাপাশি মেজর লিগ সকার (MLS) ও মেজর লিগ বেসবল (MLB)-এর মতো ক্রীড়া সংস্থার সঙ্গেও অংশীদারিত্ব করেছে টিকটক। ফলে ব্যবহারকারীদের আর আলাদা স্পোর্টস অ্যাপ বা সার্চ ইঞ্জিনে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসছে।
ভ্রমণ পরিকল্পনাকেও সহজ করতে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে TikTok GO। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও বা লোকেশন পেজ থেকেই হোটেল, পর্যটনকেন্দ্র এবং বিভিন্ন অভিজ্ঞতা খুঁজে বুকিং করতে পারছেন।
এর ফলে ভ্রমণসংক্রান্ত ভিডিও দেখার পর আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমছে। একই প্ল্যাটফর্মেই গন্তব্য নির্বাচন থেকে বুকিং সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
ভিডিও ও ই-কমার্সের গণ্ডি পেরিয়ে আর্থিক খাতেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে টিকটক। ব্রাজিলে আর্থিক প্রযুক্তি (ফিনটেক) লাইসেন্সের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
লাইসেন্স অনুমোদিত হলে ব্যবহারকারীরা অ্যাপেই অর্থ জমা রাখা, লেনদেন, পেমেন্ট এবং ঋণ সুবিধার মতো সেবা নিতে পারবেন। এতে টিকটক সরাসরি ফিনটেক প্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
টিকটক শপ ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির অন্যতম সফল উদ্যোগে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে দ্রুত জনপ্রিয় হওয়া এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দেখেই সরাসরি পণ্য কিনতে পারছেন।
প্রতিষ্ঠানটি ধীরে ধীরে স্বল্পমূল্যের পণ্যের পাশাপাশি বিলাসবহুল পণ্যের বাজারেও প্রবেশ করেছে। একই সঙ্গে উপহার কার্ডসহ নতুন সুবিধা যুক্ত করে ই-কমার্সে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।
স্থানীয় রেস্তোরাঁ, দর্শনীয় স্থান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে বের করার জন্য টিকটক এখন নিজস্ব সার্চ ও ম্যাপভিত্তিক সুবিধাও দিচ্ছে। ব্যবহারকারীরা ভিডিওর পাশাপাশি রিভিউ, রেটিং, মূল্যসীমা এবং খোলার সময়সহ বিভিন্ন তথ্যও দেখতে পারছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সার্চ ও লোকেশনভিত্তিক সেবায় গুগলের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে।