- ২০ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২০ জুন) রাজধানীতে অনুষ্ঠিত বুটেক্স আয়োজিত ‘4th International Conference on Textile Science and Engineering’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের টেক্সটাইল ও পোশাকশিল্প বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এই অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
তিনি বলেন, বিশ্বমানের বস্ত্র প্রকৌশলী তৈরি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে বুটেক্সের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. মিলন আরও বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই টেক্সটাইল খাতকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে গবেষণার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও শিল্পমুখী গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বস্ত্র প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন, টেকসই উৎপাদন ব্যবস্থা, স্মার্ট টেক্সটাইল এবং শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।