- ১১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
একসময় বলিউডের গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ ছিলেন সেলিনা জেটলি । অভিনয়, সৌন্দর্য প্রতিযোগিতা ও ব্যক্তিগত জীবনের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি। তবে এবার তার নাম উঠে এসেছে পারিবারিক নির্যাতন ও দাম্পত্য সংকটের ঘটনায়।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রীর স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনের একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে তদন্ত চলাকালে দেশত্যাগ ঠেকাতে তার বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী। ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পিটার হাগ বা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন সেলিনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ‘নার্সিসিস্টের সঙ্গে সম্পর্ক ভাঙা’ বিষয়ক একটি বইয়ের ছবি শেয়ার করেন। সেখানে আত্মপরিচয় ফিরে পাওয়া, মানসিকভাবে সুস্থ হয়ে ওঠা এবং নিজের গল্প নতুন করে লেখার মতো কিছু অংশ হাইলাইট করা ছিল।
এই পোস্টের পর অনেকেই ধারণা করছেন, দাম্পত্য জীবনের সংকট নিয়েই পরোক্ষভাবে বার্তা দিয়েছেন অভিনেত্রী।
এর আগে কয়েক দিন আগে নিজের প্রয়াত সন্তান Shamsher Haag–এর কবরের সামনে দাঁড়িয়ে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে তিনি ইঙ্গিত দেন, বর্তমানে নিজের সন্তানদের সঙ্গেও স্বাভাবিক যোগাযোগ করতে পারছেন না। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে ব্যাপক সহানুভূতি তৈরি হয়।
২০১১ সালে বিয়ে করেন সেলিনা ও পিটার। বিয়ের পর ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। পরে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা। তাঁদের চার সন্তান থাকলেও ২০১৭ সালে জন্ম নেওয়া যমজ সন্তানের একজন, শমশের, জন্মের কিছুদিন পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেই ঘটনা সেলিনার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছিল বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ২০২৫ সাল থেকেই দাম্পত্য বিরোধ নিয়ে আইনি পদক্ষেপ শুরু করেছিলেন অভিনেত্রী। সে সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের মর্যাদা ও সন্তানদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন।
সেলিনা জেটলি ২০০১ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে আলোচনায় আসেন। পরে‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘আপনা স্বপ্ন মানি মানি’ সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে পরিচিতি পান। তবে বর্তমানে তার ব্যক্তিজীবনের সংকটই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।