- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ৬৭টি উপজেলা চেয়ারম্যান ও ৩৩টি পৌরসভার মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। একই সঙ্গে আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় নেতারা।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চায় দলটি। তাঁর ভাষ্য, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে সক্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সারজিস আলম জানান, সারা দেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। একাধিক ধাপে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার সুযোগ পাবেন, যদি তাঁদের বিরুদ্ধে নিপীড়ন বা অপরাধের অভিযোগ না থাকে।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান। তাঁদের অভিযোগ, সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদে প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপজেলায় নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদেও প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। শিগগিরই আরও কয়েকটি সিটি করপোরেশনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এনসিপির এই প্রস্তুতি দলটির সাংগঠনিক বিস্তার এবং ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে অবস্থান শক্ত করার কৌশলের অংশ।