Tuesday, June 9, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক বহিষ্কার


প্রতীকী ছবিঃ জাতীয়তাবাদী যুবদলের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দলের নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বহিষ্কৃত নেতার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না বলেও জানানো হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্র বলছে, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও অনিয়ম বা নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন