- ২৯ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে তামিল তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র জন নায়গন–এর। জানা গেছে, আগামী ৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
রাজনৈতিক অ্যাকশন ঘরানার এই ছবিটি এর আগে সেন্সর জটিলতার কারণে নির্ধারিত সময়ে মুক্তি পায়নি। পঙ্গল উৎসবকে ঘিরে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা বাধার কারণে তা পিছিয়ে যায়। তবে নতুন তারিখ ঘোষণার খবরে ভক্তদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সম্প্রতি ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়। প্রথমে কিছু দৃশ্য ও গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে পুরো ছবির উচ্চমানের সংস্করণ অনলাইনে পাওয়া যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমে কয়েকজনকে আটক করেছে। তদন্তে উঠে এসেছে, একটি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ফুটেজ সংগ্রহ করে তা ফাঁস করা হয়।
বিশ্লেষকদের মতে, পাইরেসির প্রভাব বক্স অফিসে কিছুটা পড়তে পারে। তবে বিজয়ের জনপ্রিয়তা এবং ছবির প্রতি দর্শকদের আগ্রহ প্রথম সপ্তাহেই ভালো আয়ের সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে এটি তার ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে—এমন আলোচনা থাকায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে বিজয়কে দেখা যাবে সাবেক এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং খলনায়কের ভূমিকায় আছেন ববি দেওল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রকাশ রাজ, প্রিয়মণি, গৌতম বাসুদেব মেননসহ আরও অনেকে।
বড় বাজেটে নির্মিত এই সিনেমার অগ্রিম বুকিং আগেই উল্লেখযোগ্য অঙ্কে পৌঁছেছিল বলে জানা গেছে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পেলে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।