Tuesday, July 28, 2026

শাপলা চত্বর ঘটনায় শেখ হাসিনা-আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ফাইল ছবিঃ শেখ হাসিনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে দায়ের করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে।

এ মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের দিনব্যাপী সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে অবস্থানরত নেতাকর্মীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ৫ আগস্টের পর এ ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করায় বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো।

আইনজীবীদের মতে, অভিযোগ আমলে নেওয়ার পর এখন আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের কার্যক্রমে তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

শাপলা চত্বরের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক চলে আসছে। নতুন করে বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন