- ০৬ মার্চ, ২০২৬
PNN। নিউজ ডেস্ক রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শেষে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। তবে এখনও বিভিন্ন বিভাগে ১৫৫টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি (আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং) বিভাগের অধীনে ১ হাজার ৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এসব বিভাগে এখনও ১৫৫টি আসন শূন্য রয়েছে। অন্যদিকে স্থাপত্য বিভাগে নির্ধারিত ৩০টি আসনের সবগুলোতেই শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, ফলে এ বিভাগে আর কোনো আসন খালি নেই।
ভর্তি কার্যক্রমের তৃতীয় ধাপের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে মেধাক্রম ৩৫০১ থেকে ৩৭১৬ পর্যন্ত শিক্ষার্থীদের সরাসরি তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৩৭১৭ থেকে ৪১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরও বিবেচনায় রাখা হবে। এসব শিক্ষার্থীকে আগামী ৬ এপ্রিল প্রয়োজনীয় কাগজপত্রসহ রুয়েট গেস্ট হাউসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
রুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগ পছন্দের ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবার রুয়েটের পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।