Wednesday, July 8, 2026

রাজশাহীর পদ্মার চরে ছিনতাই হওয়া ১৭৬ গরু উদ্ধার


ছবিঃ গরু উদ্দার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলা এলাকায় পদ্মার চর থেকে ছিনতাই হওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য চকরাজাপুর চরের কয়েকজন খামারি তাদের গরু চরানোর জন্য পদ্মার চরাঞ্চলে নিয়ে যান। দুপুরের দিকে হঠাৎ স্পিডবোটে করে একদল সশস্ত্র ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে রাখালদের ভয়ভীতি দেখিয়ে গরুগুলো রেখে চলে যেতে বাধ্য করা হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করে। এ সময় পাশের এলাকার পুলিশের সহায়তাও নেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা স্পিডবোটে পালিয়ে যায়। পরে রায়টা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে সব গরু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে বিভিন্ন খামারির মালিকানাধীন গবাদিপশু ছিল। পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রাখাল বাবলু হোসেন জানান, প্রচণ্ড গরমের কারণে গরুগুলোকে নদীর পানিতে নামানো হয়েছিল। ঠিক তখনই অস্ত্রধারীরা এসে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে তারা প্রাণ বাঁচাতে সেখান থেকে সরে যান।

সেরাজুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঘা থানা বলেন, ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন