- ১৪ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটকে আত্মনির্ভরশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা হিসেবে উল্লেখ করেছে বিএনপির জার্মানি শাখা। একই সঙ্গে বাজেটকে স্বাগত জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।
শুক্রবার (১২ জুন) জার্মানির মানহাইমে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির জার্মানি শাখার সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট কেবল একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং এটি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তার মতে, এই বাজেটে তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দেওয়ান শফিকুল ইসলাম আরও বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনা এবং বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বাজেটে প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, গবেষণা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়াকে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় উন্নয়নের এই যাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। ঐক্য, সুশাসন, উদ্ভাবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিকভাবে মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।