- ৩০ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আগামী ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে পেশাওয়ার জালমির হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।
নাহিদের ফাইনাল খেলার বিষয়টি প্রথম নিশ্চিত করেন দলটির কর্ণধার জাভেদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে বিসিবির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে পিএসএলে অংশ নিতে গিয়ে অতিরিক্ত সময়ের অনুমতি পেয়েছিলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তখনও বিসিবির সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন জাভেদ আফ্রিদি। এবার ফাইনালের আগে আবারও অনুমতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান বোর্ড সংশ্লিষ্টদের প্রতি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ইনজুরি ও কাজের চাপ বিবেচনায় নাহিদকে পিএসএলে না পাঠানোর কথা জানিয়েছিল বিসিবি। একই কারণে মুস্তাফিজুর রহমানও টুর্নামেন্টের শেষভাগে ছিলেন না।
তবে কোয়ালিফায়ার ম্যাচে জয় পেয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা নিশ্চিত করে পেশাওয়ার জালমি। এরপর ফাইনাল ম্যাচের জন্য নাহিদ রানাকে দলে পাওয়ার অনুরোধ জানায় ফ্র্যাঞ্চাইজিটি, যার প্রেক্ষিতে বিশেষ অনুমতি দেয় বিসিবি।
আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। বিসিবি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ওই সিরিজে সাদা পোশাকে দেশের হয়ে খেলতে দেখা যাবে নাহিদ রানাকে।