- ১১ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রিসভা জরুরি অবস্থা জারির সুপারিশ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে খাইবার পাখতুনখোয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা।
এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের জনপ্রিয়তা এখনো উল্লেখযোগ্য বলে মনে করা হয়।
দলটির এই কর্মসূচির প্রস্তুতির মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত সামনে এল। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে প্রাদেশিক সরকারের ওপর কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।