Saturday, July 4, 2026

পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফের এক সদস্য আটক


ছবিঃ বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বান্দরবান

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার উপজেলার শেরকর পাড়া এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তি জৌথান বম (৫৫)। তিনি থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপা পাড়ার বাসিন্দা এবং লাল ফিয়ান বমের ছেলে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সম্প্রতি কেএনএফ ও ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের অবস্থানের তথ্যের ভিত্তিতে পাহাড়ের একটি গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

এরপর পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান জোরদার করা হয়। সেই ধারাবাহিক অভিযানের একপর্যায়ে শেরকর পাড়া থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় সশস্ত্র তৎপরতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর কাছ থেকে জৌথান বমকে বুঝে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন