Saturday, October 17, 2026

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের শাস্তিস্বরূপ ৭ শিক্ষার্থী বহিষ্কার; জরিমানা দুইজনকে


প্রতীকী ছবিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মধ্যে একজনকে দুই বছর এবং ছয়জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও দুই শিক্ষার্থীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ড সভায় ৭৭.২০ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে শাস্তিগুলো অনুমোদন করা হয়।

দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিব।

এক বছরের জন্য বহিষ্কৃত ছয় শিক্ষার্থীর মধ্যে ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার রয়েছেন। একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিমকেও একই শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ ইফতিককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থীর মধ্যে ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে বাবা-মাকে সঙ্গে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ করেন জ্যেষ্ঠরা।

এ ঘটনায় মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন নামের এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাঁর অতিরিক্ত ঘাম হতে থাকে এবং প্যানিক অ্যাটাকের মতো লক্ষণ দেখা দেয়।

পরে রাত ৮টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশকে অবহিত করেন। এরপর রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তুহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাটি তদন্তের পর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটি ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন