Saturday, June 20, 2026

অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্রথম এইচ৫এএন১ শনাক্ত, বিশ্বজুড়ে সতর্কতা জোরদার


ছবিঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ পার্লামেন্ট হাউসে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন (সংগৃহীত । আল জাজিরা / মিক সিকাশ/এএপি, রয়টার্সের সৌজন্যে)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্রথমবারের মতো H5N1 বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর দেশটির সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘটনার মাধ্যমে বিশ্বের সব মহাদেশেই প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলো বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) কর্তৃপক্ষ জানায়, পশ্চিম অস্ট্রেলিয়ার কেপ লে গ্র্যান্ড ন্যাশনাল পার্কে পাওয়া একটি অভিবাসী ব্রাউন স্কুয়া পাখিতে পরীক্ষার মাধ্যমে H5N1 ভাইরাস শনাক্ত করা হয়েছে। একই এলাকায় পাওয়া একটি জায়ান্ট পেট্রেলেও সংক্রমণের সন্দেহ পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি “উদ্বেগজনক” এবং সরকার সংক্রমণ রোধে “যতটা সম্ভব সবকিছু” করবে। তিনি জানান, ভাইরাসটির বিস্তার ঠেকাতে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হবে।

দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পোলট্রি খামার বা কৃষি খাতে এই ভাইরাস শনাক্ত হয়নি। তিনি আরও বলেন, “আমরা সবাই জানতাম যে অস্ট্রেলিয়া চিরকাল বার্ড ফ্লু মুক্ত থাকতে পারবে না।”

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে H5N1 সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাখি ও প্রাণিসম্পদ খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। যদিও মানবদেহে সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে বিরল, তবে ভাইরাসটি বহু দেশে কোটি কোটি পাখি নিধনের কারণ হয়েছে এবং খাদ্য সরবরাহ ও বাজারমূল্যে প্রভাব ফেলেছে।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সাব-অ্যান্টার্কটিক অঞ্চল হার্ড আইল্যান্ডে ভাইরাসটি শনাক্ত হলেও এবার মূল ভূখণ্ডে প্রথমবারের মতো এর উপস্থিতি নিশ্চিত হলো।

বিশ্লেষকদের মতে, নতুন এই শনাক্তকরণ বৈশ্বিক প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন