Wednesday, May 6, 2026

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


প্রতীকী ছবিঃ ধর্ষণ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৪-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা তার মাকে ছেড়ে চলে যাওয়ায় মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। পরে গত ১৮ এপ্রিল মদন উপজেলার একটি ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা।

এই ঘটনার পর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন।

র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই শিক্ষককে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় অবস্থিত র‍্যাব ব্যাটালিয়ন সদরে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন (প্রেসব্রিফিং) আয়োজন করা হয়েছে, যেখানে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এদিকে গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে পুলিশ ও র‍্যাব জানায়, মামলার সুষ্ঠু তদন্ত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন