Monday, August 17, 2026

নেইমারকে এড়িয়ে গেলেন মেন্দেস, পুরোনো দ্বন্দ্বে আবার উত্তাপ


ছবিঃ নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্রাজিলিয়ান ফুটবলে নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে জ্বলে উঠেছে। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দরের সময় নেইমারের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করেন ভাস্কোর মিডফিল্ডার মেন্দেস।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। সেই সময় নেইমার হাত বাড়িয়ে দিলেও মেন্দেস করমর্দন না করেই সামনে এগিয়ে যান। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাঠের গ্যালারিতেও এর প্রভাব দেখা যায়। ভাস্কোর কিছু সমর্থক নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে নিয়ে বিদ্রূপ করেন।

মেন্দেসের এই আচরণে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও জালাতান ইব্রাহিমোভিচকে ঘিরে পুরোনো একটি ঘটনার প্রসঙ্গ টেনে মেন্দেসকে কটাক্ষ করেন।

আমানসিওর বক্তব্যের সারকথা ছিল, বড় তারকারা সাধারণত সহজ ও স্বাভাবিক আচরণ করেন। বিপরীতে তুলনামূলক কম পরিচিত খেলোয়াড়দের মধ্যেই অনেক সময় অহংকার বেশি দেখা যায় এমন ইঙ্গিত দেন তিনি।

নেইমার ও মেন্দেসের বিরোধের সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। ওই ম্যাচে মেন্দেসের ভয়ংকর এক ট্যাকেলের শিকার হয়ে গুরুতর চোট পান নেইমার। ঘটনার পর মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরে নেইমারের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান।

তবে সেই ঘটনা নেইমার ও তাঁর পরিবারের মনে গভীর ক্ষত তৈরি করে। নেইমারের বাবা নেইমার সিনিয়রও সে সময় মেন্দেসের ট্যাকেলের তীব্র সমালোচনা করেছিলেন। খেলোয়াড়কে বারবার শারীরিক ফাউলের শিকার হতে হলেও কেন উল্টো তাকেই দায়ী করা হবে এমন প্রশ্নও তুলেছিলেন তিনি।

দীর্ঘ সময় পর চলতি বছরে দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো উত্তেজনা আবার সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচের প্রথমার্ধে মেন্দেসের ফাউলে ক্ষুব্ধ হয়ে তাঁর মুখোমুখি হন নেইমার। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে মেন্দেসের স্পর্শে নেইমার মাটিতে পড়ে যান।

ঘটনার পর দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। তবে মাঠের উত্তেজনা বিরতিতেও থামেনি। ড্রেসিংরুমের টানেলেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে বলে জানা যায়।

ম্যাচ শেষে মেন্দেসকে নিয়ে আরও ক্ষোভ প্রকাশ করেন নেইমার। স্পোর্টভিকে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, মেন্দেস প্রায়ই ঝামেলা সৃষ্টি করতে চান এবং নিজেকে অতিরিক্ত শক্তিশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। একপর্যায়ে মেন্দেসকে ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন ব্রাজিলিয়ান তারকা।

এবার ম্যাচ শুরুর আগেই মেন্দেসের করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনা সেই পুরোনো বিরোধকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা যে ব্যক্তিগত তিক্ততায় কতটা গড়িয়েছে, দুই খেলোয়াড়ের সাম্প্রতিক আচরণে তারই ইঙ্গিত মিলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন