- ১৭ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরের ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে পে স্কেলসংক্রান্ত এসব তথ্য তুলে ধরা হয়।
ই-বুকের তথ্য অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে বেতন বৃদ্ধির হার হতে পারে ১০০ শতাংশ।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম বছরে সংশোধিত মূল বেতন কার্যকর হতে পারে। পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনার প্রস্তাব রয়েছে।
প্রেস উইংয়ের প্রকাশিত তথ্য বলছে, পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন বলেও ই-বুকে উল্লেখ করা হয়েছে।
এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বাজেট প্রস্তুতির বিষয়টিও সামনে এসেছে। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
নবম জাতীয় পে স্কেল কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে চলতি বছরেই এটি বাস্তবায়নের সম্ভাবনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে।
অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের সুপারিশের বিভিন্ন দিক রয়েছে। সরকার সেগুলো পর্যালোচনা করছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আরও আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তবে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন, কার্যকরের নির্দিষ্ট তারিখ এবং বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার নিয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।